• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৭ এএম


নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিতের আবেদন মনিরা শারমিনের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ মে ২০২৬ ৯:৩৯ পিএম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার জন্য আবেদন জানানো হয়েছে।

রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে এই আবেদন করেন একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তিনি যে রিট পিটিশন দায়ের করেছেন তার শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত হবে না। অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং পরবর্তীতে আপিলও খারিজ হয়ে যায়। এরপর তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানি নির্ধারিত রয়েছে সোমবার (৪ মে)। এ অবস্থায় আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা প্রয়োজন বলে তিনি মত দেন।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ করা না হলেও আদালতের নির্দেশে সেটি বৈধ ঘোষণা করা হয়। পরে তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনিরা শারমিনের রিটের রায়ের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত হবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এই নির্দিষ্ট আসনটি এখনো আইনি জটিলতায় আটকে রয়েছে।

/এসএন