• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম


পুরোনো আইফোনে সাইবার হামলার ঝুঁকি, সতর্ক করল অ্যাপল

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩০ মার্চ ২০২৬ ৯:৪৩ পিএম

পুরোনো সংস্করণের আইওএসে চলা আইফোন ব্যবহারকারীদের জন্য সাইবার হামলার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে Apple। সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্যবহারকারীদের জরুরি সতর্কবার্তা দিয়ে দ্রুত সর্বশেষ অপারেটিং সিস্টেমে হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ‘করুনা’ ও ‘ডার্কসোর্ড’ নামে দুটি নতুন আইওএস এক্সপ্লয়েট কিট শনাক্ত করেছে অ্যাপল। এসব হ্যাকিং টুল ব্যবহার করে পুরোনো মডেলের আইফোনে ম্যালওয়্যার ছড়ানো হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে ‘করুনা’ কিটটি আইওএস ১৩ থেকে ১৭.২.১ সংস্করণে চলা ডিভাইসকে লক্ষ্যবস্তু করতে পারে। অন্যদিকে ‘ডার্কসোর্ড’ কিটটি আইওএস ১৮.৪ থেকে ১৮.৭ সংস্করণে থাকা আইফোনে হামলা চালাতে সক্ষম।

এই হ্যাকিং টুলগুলো কীভাবে সাইবার অপরাধীদের হাতে পৌঁছেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, জিরো-ডে এক্সপ্লয়েট কেনাবেচার জন্য অনলাইন মার্কেট তৈরি হওয়ায় এসব ঝুঁকি বাড়ছে। ফলে আগে যেসব প্রযুক্তি কেবল রাষ্ট্র বা বিশেষায়িত গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা সাধারণ হ্যাকারদের কাছেও পৌঁছে যাচ্ছে।

যেসব ব্যবহারকারী সর্বশেষ আইওএস সংস্করণে আপডেট করতে পারবেন না, তাদের জন্য ‘লকডাউন মোড’ চালুর পরামর্শ দিয়েছে অ্যাপল। ২০২২ সালে চালু হওয়া এই নিরাপত্তা ফিচারটি আইওএস ১৬ এবং পরবর্তী সংস্করণে পাওয়া যায়, যা ক্ষতিকর ওয়েব কনটেন্ট থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। প্রতিষ্ঠানটির দাবি, লকডাউন মোড চালু থাকা অবস্থায় এখন পর্যন্ত কোনো অ্যাপল ডিভাইসে স্পাইওয়্যার সফলভাবে আক্রমণ চালাতে পারেনি।