• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম


আদালতে নবীন ফ্যাশন কাণ্ড: ওসি গোলাম মর্তুজার ক্ষমা প্রার্থনা ও ব্যাখ্যা

the pulse bd online news desk
আপডেট টাইম: ২৯ মার্চ ২০২৬ ৪:২৪ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত নবীন ফ্যাশনের পাঞ্জাবির শোরুম বন্ধ করার ঘটনায় হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা আদালতে তার ভূমিকা ব্যাখ্যা করেছেন। গত ২৫ মার্চ পুলিশি হস্তক্ষেপে দোকানটি বন্ধ হওয়ার ঘটনায় তাকে শোকজ করেন আদালত।

রোববার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে ওসি গোলাম মর্তুজা লিখিত ব্যাখ্যা প্রদান করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

অভিযোগ উঠেছে, আকর্ষণীয় অফারের কারণে নবীন ফ্যাশনে হঠাৎ অতিরিক্ত ভিড় এবং বাইকারদের চাপ সৃষ্টি হয়েছিল, যা শোরুম বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন ওসি গোলাম মর্তুজা।

এ ঘটনায় ২৫ মার্চ আদালত ওসিকে তলব করে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দানের নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশনের শোরুমটি খুলে দেয়ার নির্দেশনা প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন জানান, আদালত ওসি গোলাম মর্তুজার বক্তব্য শুনেছেন এবং এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে পরবর্তী তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আদালত, নবীন ফ্যাশনের শোরুম বন্ধের দিনে কয়েকজন ব্যক্তি নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন, তাদের বিষয়ে মতামত চেয়েছেন।

এদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, তদন্ত কমিটির সুপারিশের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ২৫ মার্চ এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, নবীন ফ্যাশনের পাঞ্জাবি দোকান বন্ধের ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা এবং এক এএসআইকে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।

এই ঘটনার তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে।