যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আদম হামাভি। অঙ্গরাজ্যটির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী গ্রেগ মেলেকে পরাজিত করে তিনি এই জয় অর্জন করেন।৫৬ বছর বয়সী আদম হামাভি একজন প্লাস্টিক সার্জন, অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক চিকিৎসক এবং মানবিক চিকিৎসাসেবাকর্মী। তিনি দীর্ঘ এক দশক দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া প্রভাবশালী প্রগতিশীল প্রতিনিধি বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন।মিসরে জন্ম নেওয়া এবং যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা হামাভি ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ সেনাসদস্য। সামরিক ও মানবিক চিকিৎসাসেবার অংশ হিসেবে তিনি বসনিয়া, সুদান, লেবানন ও সিরিয়ায় বিভিন্ন মিশনে অংশ নিয়েছেন।২০২৪ সালে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় একটি মানবিক চিকিৎসা মিশনে দক্ষিণ গাজায় যান তিনি। পরবর্তী সময়ে ইসরায়েল রাফাহ সীমান্ত বন্ধ করে দিলে গাজায় আটকে পড়া চিকিৎসকদের একজন ছিলেন হামাভি। সে সময় তাকে উদ্ধারে হস্তক্ষেপ করেন মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। উল্লেখ্য, ২০০৪ সালে ইরাকে একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর হামাভিই ডাকওয়ার্থের জীবন বাঁচিয়েছিলেন।গাজায় চিকিৎসাসেবার সেই অভিজ্ঞতা হামাভির রাজনৈতিক অঙ্গনে প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল প্রাইমারিতে জয়ী হন তিনি। ওই বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে হামাভি বলেছিলেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি যে বিচার ও ন্যায়ের জন্য লড়াই করতে হলে কখনোই কারও অনুমতির অপেক্ষায় থাকতে হবে না।’নির্বাচনি প্রচারণায় সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধ, চিকিৎসা ও শিক্ষার্থীদের ঋণ মওকুফ এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিলুপ্তির মতো বিষয়গুলোকে গুরুত্ব দেন হামাভি।মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত নির্বাচনি ফলাফলের ভিত্তিতে ডিসিশন ডেস্ক এইচকিউ তার বিজয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে নিউ জার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের আসনটি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণেই থাকল।
/বিএসএস