কুমিল্লার দেবিদ্বারে মায়ের চোখের সামনেই ট্রাকচাপায় মিনহা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার জুলেখা আক্তারের মেয়ে। সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।
যেভাবে ঘটল দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহা তার মা জুলেখা আক্তার, জমজ বোন ও নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে মা জুলেখা আক্তার সন্তানদের নিয়ে দেবিদ্বার উপজেলা সদরের একটি হাসপাতালে যান।
চিকিৎসা শেষে তাঁরা অটোরিকশায় করে নানাবাড়িতে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় পৌঁছে অটোরিকশা থেকে নামেন তাঁরা। এ সময় স্বজনেরা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন।
এর মধ্যে মিনহা আগেভাগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। তখন দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মায়ের চোখের সামনেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশের বক্তব্য
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে মিরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এএসএফ