• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ এএম


স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত ট্রেনের বগি, প্রাণহানির আশঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ অক্টোবর ২০২৬ ৭:৩৪ পিএম

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৫০, বন্ধ রেল চলাচল

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়াগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে রেল পরিচালনাকারী সংস্থা আদিফ।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ এবং আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আঞ্চলিক সরকারের একটি সূত্র অন্তত ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের ধ্বংসাবশেষ

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে লাইনচ্যুত একটি ট্রেনের বগিকে উঁচু রেলপথের ওপর আটকে থাকতে দেখা গেছে। রেললাইনের নিচের ঢালে ছড়িয়ে ছিল দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ, ভাঙা প্যানেল ও ট্রেনের বিভিন্ন ধ্বংসাবশেষ।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও আহত ব্যক্তিদের সহায়তায় জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনও প্রস্তুতি নিতে শুরু করে।

আহত ও যাত্রীদের জন্য জরুরি আশ্রয়ের ব্যবস্থা

নিকটবর্তী উর্দা শহরের মেয়র ম্যানুয়েল গালান স্পেনের রেডিও স্টেশন কাদেনা সেরকে জানান, জরুরি সেবাকর্মীরা যাত্রী ও আহত ব্যক্তিদের আশ্রয়ের ব্যবস্থা করতে স্থানীয় পরিষদকে প্রস্তুতি নিতে বলেছেন।

এ কারণে একটি ক্রীড়া হলসহ জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সাময়িক আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগের দুর্ঘটনার পর রেলপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্পেনে গত জানুয়ারিতেও একই রেলপথে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্য একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে অন্তত ৪৫ জন নিহত হন।

ওই দুর্ঘটনার পর দেশটির রেলপথের রক্ষণাবেক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নতুন দুর্ঘটনাটি রেলপথের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

কর্মসূচি বাতিল প্রধানমন্ত্রীর, প্রচার স্থগিত বিরোধীদের

বুধবারের দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দিনের কর্মসূচি বাতিল করেছেন। বিরোধী দল পিপলস পার্টিও তাদের সব নির্বাচনি প্রচার অনুষ্ঠান স্থগিত করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

/এএসএফ