• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ এএম


নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শ্রীলঙ্কান প্রবাসীর মৃত্যুদণ্ড বাতিল সৌদি সুপ্রিম কোর্টে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ১১:২৯ পিএম

নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শ্রীলঙ্কান প্রবাসীর মৃত্যুদণ্ড বাতিল

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান প্রবাসী শ্রমিক আনোজন শিবরাসার মৃত্যুদণ্ড বাতিল করেছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দেন। দীর্ঘ কূটনৈতিক ও আইনি প্রচেষ্টার পর আদালতের এ সিদ্ধান্তকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের রায়ে আনোজনের মাথার ওপর ঝুলতে থাকা মৃত্যুদণ্ডের আদেশ বাতিল হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট ও ডেইলি মিররেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফেসবুকের মন্তব্য ঘিরে গ্রেপ্তার

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, গত ২৮ জুন ফেসবুকে একটি বিতর্কিত ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে বিপাকে পড়েন আনোজন। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি দ্রুত মন্তব্যটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এরপরও গত ১ জুলাই সৌদি কর্তৃপক্ষ তাঁকে গ্রেপ্তার করে। বিচারপ্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ রিয়াল জরিমানা করা হয়েছিল। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর এক আপিল আদালত তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আপিলের পর বাতিল মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে গত ১১ অক্টোবর সৌদি সুপ্রিম কোর্টে চূড়ান্ত আপিল করা হয়। এর মাত্র দুই দিন পর সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের সাজা বাতিল করেন।

শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানান, দুই দেশের রাষ্ট্রদূত, আইনি দল ও সরকারের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার ফলে এ স্বস্তিদায়ক সিদ্ধান্ত এসেছে। দীর্ঘদিনের উৎকণ্ঠার পর আদালতের রায় আনোজনের পরিবারের জন্য আশার আলো নিয়ে এসেছে।

মুক্তি ও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

মৃত্যুদণ্ড বাতিল হলেও আনোজনের পরবর্তী আইনি পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তাঁকে অবিলম্বে মুক্তি দিয়ে শ্রীলঙ্কায় ফেরত পাঠানো হবে, নাকি আগের পাঁচ বছরের কারাদণ্ড বহাল থাকবে—সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।

ফলে মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তে স্বস্তি মিললেও আনোজনের সম্পূর্ণ মুক্তি ও দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

/এএসএফ