নিজের ৩২তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দুর্দান্ত কিপিং ও ব্যাটিং নৈপুণ্যে দেড় শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন তিনি।
আফগান ব্যাটার ইকরাম আলিখিলকে আউট করতে ইবাদত হোসেনের লেগ স্টাম্পের বাইরের দিকে করা বলে বাঁ পাশে অসাধারণ ডাইভ দিয়ে ক্যাচটি তালুবন্দি করেন লিটন। এই ক্যাচের মধ্য দিয়ে এক টেস্টে উইকেটকিপার হিসেবে ৯টি ডিসমিসাল করার পাশাপাশি ব্যাট হাতে সেঞ্চুরি ও ফিফটি করার অনন্য কীর্তি গড়েন তিনি। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো ক্রিকেটারের এমন রেকর্ড ছিল না।
এর আগে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ডেনিস লিন্ডসি একই টেস্টে ব্যাট হাতে ৬৯ ও ১৮২ রান করেছিলেন। পাশাপাশি উইকেটের পেছনে তাঁর ডিসমিসালের সংখ্যা ছিল ৮টি। আবুধাবি টেস্টে লিটন প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন। একই ম্যাচে উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে প্রায় ৬০ বছর আগের লিন্ডসির সেই রেকর্ড ভেঙে দেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
এই ম্যাচে লিটন অবশ্য আগেই জাতীয় রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলেন। ম্যাচের আগের দিনই এক টেস্টে ৭টি ডিসমিসালের বাংলাদেশের রেকর্ডধারী খালেদ মাসুদ পাইলটকে পেছনে ফেলেন তিনি। এরপর মঙ্গলবার ম্যাচের শেষ দিনে ইকরাম আলিখিলের ক্যাচ ধরে নিজের ডিসমিসালের সংখ্যা ৯-এ নিয়ে যান লিটন।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে যে চারটি উইকেটের পতন হয়েছে, প্রতিটিতেই উইকেটের পেছনে থাকা লিটনের সরাসরি অবদান ছিল। তাঁর এই ধারাবাহিক সাফল্যই তাঁকে বিশ্ব রেকর্ডের অনন্য অবস্থানে পৌঁছে দিয়েছে।
তবে বিশ্ব রেকর্ড গড়ার পরও লিটনের সামনে আরও বড় একটি কীর্তি অর্জনের সুযোগ রয়েছে। এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের একক রেকর্ড গড়ার সম্ভাবনা এখনো টিকে আছে তাঁর সামনে।
টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের যৌথ রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ভারতের রিশভ পন্তের দখলে। লিটন আর মাত্র দুটি ডিসমিসাল করতে পারলে এই তিন ক্রিকেটারের রেকর্ডে ভাগ বসাবেন। আর তিনটি ডিসমিসাল করতে পারলে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের একক বিশ্ব রেকর্ড গড়বেন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।
/এসএন