• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম


জাতীয় পতাকা হাতে তালাবদ্ধ গেট টপকে যন্তর মন্তরে ঢুকে পড়লো সিজেপি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ২:৫৪ পিএম

দিল্লির যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের সরকারি অনুমোদন বাতিলের এক দিন পরই তালাবদ্ধ গেট টপকে সেখানে প্রবেশ করেছেন ককোরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। এ ঘটনায় দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা, প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং দলটির জাতীয় সংগঠন ইনচার্জ অজিঙ্ক শিন্ডে অন্তত ১০ জন কর্মীকে সঙ্গে নিয়ে যন্তর মন্তরে প্রবেশ করেন। এ সময় তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা।

যন্তর মন্তরে প্রবেশের পর তাঁরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জ্ঞানেশ কুমার ইস্তফা দো’। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস দাবি করেন, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁরা যন্তর মন্তর পুনরুদ্ধার করেছেন।

সৌরভ দাস বলেন, তাঁদের এই পদক্ষেপ সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা। অন্যদিকে আশুতোষ রাঙ্কা জানান, যেকোনো মূল্যেই হোক, যন্তর মন্তর থেকেই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিশ্চিত করা হবে।

এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, আদেশ জারি করে প্রতিরোধ আন্দোলন বন্ধ করা সম্ভব নয়। যন্তর মন্তরকে আন্দোলনস্থল হিসেবে ব্যবহারের অনুমোদন বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আন্দোলন দমনের এই প্রচেষ্টার পরিণতিতে পুরো দেশই যন্তর মন্তরে পরিণত হবে।

উল্লেখ্য, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দিল্লি পুলিশ যন্তর মন্তরকে আন্দোলনস্থল হিসেবে ব্যবহারের অনুমোদন বাতিল করে। এর পরিবর্তে রামলীলা ময়দান, বুরারি ময়দান ও সিবিডি ময়দানকে নতুন আন্দোলনস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত জুন ও জুলাই মাসে যন্তর মন্তরে সিজেপির তীব্র আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনের মুখেই সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এসএন