• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম


মামদানির নেতৃত্বের প্রথম বছরেই বিশ্বের সেরা শহরের স্বীকৃতি নিউইয়র্কের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ অক্টোবর ২০২৬ ৬:৫৫ পিএম

মামদানির নেতৃত্বের প্রথম বছরেই বিশ্বের সেরা শহরের স্বীকৃতি নিউইয়র্কেরজোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই বিশ্বের সেরা শহরের স্বীকৃতি পেয়েছে নিউইয়র্ক। অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের ১ হাজার বৃহৎ শহরের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যুক্তরাষ্ট্রের এই শহর।অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে নিউইয়র্কের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে লন্ডন এবং তৃতীয় অবস্থানে প্যারিস। শীর্ষ ১০-এর অন্য শহরগুলোর মধ্যে রয়েছে সিয়াটল, সান ফ্রান্সিসকো, ডাবলিন, বোস্টন, সান হোসে, টোকিও ও জুরিখ।গ্লোবাল সিটিজ ইনডেক্সে শহরগুলোর অবস্থান নির্ধারণে পাঁচটি প্রধান বিষয় বিবেচনা করা হয়েছে—অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ এবং শাসনব্যবস্থা। এই পাঁচটি ক্ষেত্রের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে নিউইয়র্ক ২০২৬ সালের সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে।অক্সফোর্ড ইকোনমিকস জানিয়েছে, নিউইয়র্কের শীর্ষস্থান ধরে রাখার পেছনে শহরটির বিশাল অর্থনীতি ও শক্তিশালী শ্রমবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে মানবসম্পদ, জীবনযাত্রার মান এবং অন্যান্য ক্ষেত্রেও শহরটির শক্তিশালী অবস্থান রয়েছে।অক্সফোর্ড ইকোনমিকসের হিসাবে, নিউইয়র্ক বিশ্বের সবচেয়ে বড় মহানগর অর্থনীতির অধিকারী। সূচকের অর্থনীতি বিভাগেও শহরটি প্রথম অবস্থানে রয়েছে।এদিকে, নিউইয়র্ক বর্তমানে মেয়র জোহরান মামদানির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ফলে তার মেয়র হিসেবে দায়িত্ব পালনের প্রথম বছরেই শহরটির এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নতুন করে আলোচনায় এসেছে। তবে অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদনে নিউইয়র্কের শীর্ষস্থানকে মামদানির নেতৃত্বের ফল হিসেবে উল্লেখ করা হয়নি; বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা, শ্রমবাজার ও অন্যান্য কাঠামোগত সূচকের ভিত্তিতেই র‌্যাংকিংটি করা হয়েছে।

/বিএসএস