সর্বাত্মক সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতি নিয়ে ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়ালেও যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। তাঁর দাবি, নানা প্রতিকূলতা মোকাবিলা করে ইরান নিজেকে একটি শক্তিশালী ও প্রতিরোধী রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করা হয়।
সোফিয়া কুতেপোভা বলেন, ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর আগে সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতির যে ধরন ও পরিসর দেখা গিয়েছিল, তাতে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে পরবর্তী ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।
রাশিয়ার আনুষ্ঠানিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এবং অন্য রুশ কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করতে চাই। চলমান এই সংঘাতের ঘটনায় রাশিয়া গভীরভাবে মর্মাহত।’
তিনি আরও বলেন, বিশেষ করে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণহানির ঘটনায় রাশিয়া ধারাবাহিকভাবে শোক ও সমবেদনা প্রকাশ করে আসছে।
ইরান-সংক্রান্ত সংঘাত নিয়ে রাশিয়ার অবস্থান এর আগেও দেশটির শীর্ষ কর্মকর্তারা প্রকাশ করেছেন। গত ২৫ সেপ্টেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করে চলমান সংকটের কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দুই দেশ সংঘাত নিরসনে কূটনৈতিক পথকে গুরুত্ব দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
কূটনীতিক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে নিজের সাংবাদিকতা পেশার অভিজ্ঞতার কথা স্মরণ করে সোফিয়া কুতেপোভা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব হলো সত্য তুলে ধরা। পাঠক ও দর্শকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে সিমনস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ঢাকায় নিযুক্ত ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
/এএসএফ