আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। তবে লঘুচাপটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে এবং এটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে অক্টোবরের শুরুতে দেশের বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন আসতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, আগামী মঙ্গলবারের মধ্যেই লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
তবে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। কাজী জেবুন নেসার মতে, সিস্টেমটি সৃষ্টি হওয়ার পর এর গতিপথ এবং শক্তি বৃদ্ধির ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।
নতুন এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
/এএসএফ