বাংলাদেশের জুলাই আন্দোলন এবং ওই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ইংলিশের ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত প্রামাণ্যচিত্রটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনীত হয়েছে। ইন্টারন্যাশনাল এমির এবারের মনোনয়ন তালিকায় মোট ৬৪টি অনুষ্ঠান ও পরিবেশনা ১৬টি বিভাগে জায়গা পেয়েছে। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের এই প্রামাণ্যচিত্রে বাংলাদেশের ২০২৪ সালের জুলাই আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, প্রামাণ্যচিত্রটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ পর্যায় এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে কথিত গোপন নির্দেশসংক্রান্ত অনুসন্ধানকে কেন্দ্র করে নির্মিত।
প্রামাণ্যচিত্রটির প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মনোনয়নের খবর জানান।
পোস্টে জুলকারনাইন সায়ের খান বলেন, প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের সেই মানুষদের উৎসর্গ করা, যারা ৩৬টি দিন প্রত্যক্ষ করেছেন ও এর মধ্য দিয়ে গেছেন। শিক্ষার্থী, শ্রমিক, পরিবার এবং ওই সময় প্রাণ হারানো ব্যক্তিদের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে ব্যক্তিগত ও নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে তাদের সাক্ষ্য দিয়েছেন এবং এই স্বীকৃতি তাদের।
তিনি আরও লেখেন, বাংলাদেশের কোনো গল্পের জন্য ইন্টারন্যাশনাল এমির মঞ্চে পৌঁছানো এখনো বিরল। তার ভাষ্য অনুযায়ী, এর আগে ২০০৪ সালে বাংলাদেশ থেকে ‘আমরাও পারি’ ইন্টারন্যাশনাল এমির একটি পুরস্কার পেয়েছিল। ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী, এটিএন বাংলার ‘আমরাও পারি’ ২০০৪ সালে ইন্টারন্যাশনাল চিলড্রেনস ডে অব ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড জিতেছিল। প্রামাণ্যচিত্রটি বাংলাদেশের কিশোরদের নির্মাণ করা হয়েছিল এবং এতে আবুল খায়ের নামে এক শিশুর একটি ট্রেন দুর্ঘটনা ঠেকানোর ঘটনা তুলে ধরা হয়।
জুলকারনাইন আশা প্রকাশ করেন, ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’-এর এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজ আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করবে।
প্রামাণ্যচিত্রটি নির্মাণে যুক্ত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। ঘটনাগুলো সত্যনিষ্ঠভাবে তুলে ধরতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।
এবার ইন্টারন্যাশনাল এমির ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’-এর সঙ্গে ফ্রান্সের ‘মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘ব্রেকিং র্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘ফেমিনিস’ মনোনয়ন পেয়েছে।
এর আগে প্রামাণ্যচিত্রটি ২০২৫-২৬ সালের পিটার জেনিংস অ্যাওয়ার্ডও পেয়েছে। পুরস্কারটি আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে নির্মিত ২০ মিনিটের বেশি সময়ের টেলিভিশন, ভিডিও বা প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া হয়।
আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগসহ বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নিজের পোস্টের শেষাংশে জুলকারনাইন বলেন, ২৩ নভেম্বর নিউইয়র্কে যা-ই ঘটুক না কেন, এই কাজের প্রকৃত মূল্যায়ন হবে এটি জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতে পারছে কি না, তার ওপর।
/এএসএফ