• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ এএম


জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৩ এএম

সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে সমন্বিত করে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিকাশের সুফল বিশ্বের সব দেশের মানুষ যাতে সমানভাবে পেতে পারে, সে জন্য জাতিসংঘের কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভাষণে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ভোটের গণতন্ত্র প্রতিষ্ঠাই নয়, সরকার অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করতে চায়। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির সুফল প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ উদ্দেশ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা ‘ফ্যামিলি কার্ড’কে সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন কার্ডও চালু করা হয়েছে।

এসব সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় চালু করা কার্ডগুলোকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বের ভবিষ্যৎ গড়ে তুলবে। বিশ্ব বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের একটি নতুন যুগে প্রবেশ করছে।

তবে প্রযুক্তির দ্রুত বিকাশ ঘটলেও এর সুযোগ এখনো বিশ্বের সব মানুষের জন্য সমান নয় বলেও উল্লেখ করেন তিনি। এ কারণে প্রযুক্তির সুফল যাতে বৈষম্য সৃষ্টি না করে এবং বিশ্বের সব দেশের মানুষ সমানভাবে এর সুবিধা পেতে পারে, সে বিষয়ে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

/এসএন