• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ এএম


যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৯ পিএম

অধিকৃত পশ্চিম তীরে কথিত গাড়িচাপা দেওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাসদস্য হিসেবে কর্মরত নিজের ছেলে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। এ ঘটনায় এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি পুলিশের এক সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, রামাল্লাহর পশ্চিমে বেইত হোরন নামের অবৈধ ইসরায়েলি বসতির কাছাকাছি একটি চৌকিতে এক সেনাসদস্যকে লক্ষ্য করে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এরপর ইসরায়েলি বাহিনী ওই ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার জানান, চিকিৎসকরা তার ছেলে নেরিয়া গভ বেন চানার জীবন বাঁচাতে ‘সর্বোচ্চ লড়াই’ চালিয়ে যাচ্ছেন।পরে জেরুজালেমের শারে জেদেক হাসপাতাল জানায়, আহত ওই সেনাসদস্যের একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার জীবন এখনও শঙ্কামুক্ত নয়।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাসপাতালে গিয়ে আহত সেনাসদস্যকে দেখে আসেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, তিনি নেরিয়া লেইটারের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং নেরিয়া গভ বেন চানার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, পুরো জাতি ওই পরিবারের পাশে রয়েছে।এর আগে আরেকটি পোস্টে নেতানিয়াহু লিখেছিলেন, তার স্ত্রী সারা এবং ইসরায়েলের সব মানুষ একযোগে নেরিয়ার ‘অলৌকিক নিরাময়ের’ জন্য প্রার্থনা করছেন।উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের অপর এক ছেলে মোশে ইয়েদিদিয়া (৩৯) নিহত হয়েছিলেন।

/বিএসএস