• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম


কখন যে পুরো দেশটাকেই উ’ড়িয়ে দেব: ই’রানকে ট্রাম্পের হুঁ’শিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ পিএম

যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে তিনটি শর্ত দিয়েছে ইরান। তবে এসব শর্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এখন ‘ডিসাইডিং মোডে’ রয়েছেন। একই সঙ্গে আগামী দিনে খুব বড় কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে তেহরানের সামরিক বাহিনীও সতর্ক করে বলেছে, ওয়াশিংটন আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামনে তিনটি বিকল্প রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘তিনটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া। দ্বিতীয়ত, অর্থনীতিকে দুর্বল করে ওদের পথে বসানো। তৃতীয়ত, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছনো।’

এরপরই হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, ‘আমরা কখন এবং কীভাবে ওদের দেশটাকে উড়িয়ে দেব, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তাদের উচিত নিজেদের আচরণ ঠিক করা।’

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে বৈশ্বিক আকাশসীমা সব ইরানি এয়ারলাইনসের জন্য বন্ধ করে দেওয়া হবে। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ২৭টি ইরানি এয়ারলাইনসকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

ট্রাম্পের বক্তব্যের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর উদ্যোগ হিসেবে কাতারের মাধ্যমে সাতটি শর্ত পাঠায় তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসিন রেজাই জানিয়েছেন, ইরানের মূল দাবি তিনটি।

দাবিগুলো হলো—সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিদেশে আটকে থাকা অর্থ ফেরত দেওয়া এবং নৌ অবরোধ তুলে নেওয়া। এসব শর্ত পূরণ করা হলে ইরান নতুন করে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়েনের সঙ্গে বৈঠকে বসতে রাজি থাকার কথাও জানিয়েছেন ট্রাম্প।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন করে হামলার আশঙ্কার মধ্যে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন মুখপাত্র সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কেন্দ্রগুলো ইরানের নাগালের মধ্যেই রয়েছে।

/এসএন