• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম


তারেক রহমানকে ভারতে দুটি পৃথক আমন্ত্রণ, জানাল দিল্লি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৪ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ছিল বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দ্বিপক্ষীয় সফরের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। ফেব্রুয়ারিতে লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে মোদির চিঠিটি তারেক রহমানের কাছে পৌঁছে দেন। ওই চিঠিতে তারেক রহমানকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

এরপর ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে পৃথক আমন্ত্রণ জানানো হয়। ভারতের বক্তব্য অনুযায়ী, ১৮তম ব্রিকস সম্মেলনের ওই আমন্ত্রণটি দেওয়া হয়েছিল বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে। ভারত জানিয়েছে, ব্রিকসের আউটরিচ সেশনে আঞ্চলিক জোটগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানোর যে প্রচলিত রীতি রয়েছে, তারই অংশ হিসেবে এই আমন্ত্রণ পাঠানো হয়েছিল।

ভারতের ১৮তম ব্রিকস সম্মেলন ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। তারেক রহমান ওই সম্মেলনে অংশ নেননি। ব্রিকসের আমন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ সরাসরি সদস্য বা অংশীদার দেশ হিসেবে নয়, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে আমন্ত্রিত হয়েছিল—এ বিষয়টি ভারত আগেই প্রকাশ্যে জানিয়েছিল।

ভারতের এই ব্যাখ্যা এসেছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যের পর। তিনি ১০ সেপ্টেম্বর বলেছিলেন, তারেক রহমানকে ব্রিকসে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। একই সঙ্গে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে স্বতন্ত্র আমন্ত্রণ ছাড়া ভারতের ওই অনুষ্ঠানে যাওয়া সম্ভব নয়।

এর জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের জন্য পৃথক আমন্ত্রণ আগে থেকেই রয়েছে। ফলে দিল্লির বক্তব্য অনুযায়ী, তারেক রহমানকে ভারতে যাওয়ার জন্য দুটি আলাদা আমন্ত্রণ জানানো হয়েছিল—একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য।

/এএসএফ