খাদ্য নিরাপত্তা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য এবং মহাকাশ গবেষণা ও রিমোট সেন্সিং প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান।
সোমবার (২৬ অক্টোবর) খাদ্যমন্ত্রী এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয়ে মতবিনিময় করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, এমপির সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানি হাইকমিশনার। এ সময় খাদ্য নিরাপত্তা, খাদ্যপণ্য সংরক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি ভোগ্যপণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে খাদ্যমন্ত্রী চাল আমদানির বিষয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) এবং এর আওতায় বাংলাদেশে সময়মতো চাল সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
পাশাপাশি দুই দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বাড়ানোর নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
অন্যদিকে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার (স্পারসো) চেয়ারম্যান এয়ার কমোডর ড. সাইফুল রহমান বাকুলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এ বৈঠকে মহাকাশ বিজ্ঞান ও রিমোট সেন্সিং প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
/এএসএফ