• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম


চা-নাস্তার বাজেট না খরচ করে শিক্ষার্থীদের জন্য ১১ ফ্রিজ উপহার চাকসু ভিপির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দ বাবদ পাওয়া প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণক্ষমতার এসব ডিপ ফ্রিজ পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে শিক্ষার্থীদের ১০টি হলের জন্য ১০টি এবং সূর্যসেন হলের নারী ব্লকের জন্য একটি ফ্রিজ রয়েছে।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি জানান, ভিপি হিসেবে যাতায়াত, আপ্যায়ন ও চা-নাস্তার জন্য তার প্রায় ৪ লাখ টাকা ব্যক্তিগত বরাদ্দ ছিল। সেই বরাদ্দের অর্থ দিয়েই ১০টি ছাত্র হল ও সূর্যসেন হলের নারী ব্লকের জন্য একটি ডিপ ফ্রিজ কেনা হয়েছে।তিনি বলেন, ছাত্রীদের হলগুলোতে এরই মধ্যে চাকসু জিএস সাঈদ বিন হাবিব পাঁচটি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন। তবে ছাত্রদের হলগুলোতে দীর্ঘদিন ধরে এ ধরনের সুবিধা ছিল না। বাড়ি থেকে নিয়ে আসা রান্না করা খাবার, দুধসহ বিভিন্ন তরল খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় ওষুধ রাখার জন্যও ফ্রিজের প্রয়োজন রয়েছে।চাকসু ভিপি আরও বলেন, চাইলে তার বরাদ্দের অর্থ আপ্যায়ন ও চা-নাস্তার পেছনে খরচ করা যেত। তবে শিক্ষার্থীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পুরো বাজেটটি তাদের জন্য ব্যয় করেছে।

/বিএসএস