• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ এএম


চিকিৎসাসেবায় অনিয়ম: দেবিদ্বারে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখের বেশি জরিমানা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৬ পিএম

চিকিৎসাসেবায় অনিয়ম, মিথ্যা প্রচারণা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযান চলাকালে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি ফি নেওয়া, চিকিৎসকদের নিয়ে মিথ্যা ও চটকদার প্রচারণা চালানো এবং সরকারি আইন, বিধিমালা ও পরিপত্রের নির্দেশনা না মানার প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের কারণে বাগুর মা মনি মেডিকেল হাসপাতাল ও চান্দিনা মেডিনোভা হাসপাতালকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দেবিদ্বার মনোয়ারা হাসপাতালকে ৯০ হাজার টাকা, দেবিদ্বার মেডিক্যাল সেন্টারকে ৪০ হাজার, আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার, মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার এবং আলিফ ডিজিটাল ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া গোমতী ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, দেবিদ্বার মেডিনোভা হাসপাতালকে ৫ হাজার, এ্যাপোলো হাসপাতালকে ৮০ হাজার এবং মেডিকমপ্লেক্স হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করার দায়ে কয়লা রেস্তোরাঁকেও ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৪ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়েছে। আইন ও নীতিমালা অমান্য করে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযানে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন রেজা মো. সারোয়ার আকবর, মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউসার মিয়াসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএসএফ