• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ এএম


“সৌদির শত শত ভাড়াটে সেনাদের হটিয়ে ইয়েমেনে হুতিদের বড় বিজয়!”

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ পিএম

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি দাবি করেছে, দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলের হুদাইদাহ ও তাইজ প্রদেশের বিস্তীর্ণ কয়েকশ কিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, অভিযানের সময় সৌদি-সমর্থিত ‘ভাড়াটে বাহিনীর’ ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইয়াহিয়া সারি বলেন, ‘ইয়েমেনি সেনা ও ‘পপুলার কমিটি’র মিত্র যোদ্ধারা দুই প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীকে হটিয়ে দিয়েছে এবং প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার ভূখণ্ড মুক্ত করা হয়েছে।’

সারি আরও দাবি করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুতি) ও তাদের মিত্ররা সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর সাতটি ডিভিশনকে পরাজিত করেছে। এসব ডিভিশনের অধীনে ৩৮টি ব্রিগেড ছিল। অভিযানে শত শত যোদ্ধা নিহত ও আহত হয়েছে এবং আরও অনেককে বন্দি করা হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া সৌদি-সমর্থিত ‘ভাড়াটে বাহিনী’ পরিচালিত বন্দীশালায় অমানবিক পরিস্থিতিতে আটক থাকা বিপুলসংখ্যক বন্দিকেও হুতি যোদ্ধারা মুক্ত করেছে বলে দাবি করেন সারি।

তিনি বলেন, হুতিদের বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি অভিযান পরিচালনা করেছে। এ সময় সৌদি বাহিনীর অনুপ্রবেশকারী নয়টি বিমান শনাক্ত করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে নিজেদের সশস্ত্র বাহিনীর নিহত ও দায়িত্ব পালনরত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান হুতি মুখপাত্র। দেশ ও মাতৃভূমি রক্ষায় তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রশংসাও করেন তিনি।

এদিকে সারি জানান, সৌদি আরবের জাহাজ ছাড়া সব ধরনের জাহাজের জন্য লোহিত সাগর দিয়ে চলাচল এখনও উন্মুক্ত রয়েছে। তবে সৌদি আরবের পণ্যবাহী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর রয়েছে বলে দাবি করেন তিনি।

হুতি মুখপাত্র বলেন, ইয়েমেনের ওপর আগ্রাসন অব্যাহত থাকলে এবং অবরোধ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বজায় রাখা হবে। এই শর্ত পূরণ না হলে সৌদি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে আগ্রাসন বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাল্টা হামলাও আরও বাড়ানো হবে বলে জানান সারি।

চলতি বছরের ২০ জুলাই হুতি নিয়ন্ত্রিত সানা সরকার ইয়েমেনের ওপর ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধের’ জবাবে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার কথা জানায়। এরপর থেকে লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে একাধিক সফল হামলার দাবি করে আসছে গোষ্ঠীটি।

এর আগে ২০১৫ সালের মার্চে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে অবরোধ আরোপের পাশাপাশি ব্যাপক সামরিক অভিযান শুরু করে। দীর্ঘস্থায়ী ওই সংঘাতে হাজার হাজার ইয়েমেনি প্রাণ হারান।

/এএসএফ