• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম


বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ পিএম

আজ ১১ সেপ্টেম্বর, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন। ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ৩৭২ দিন আটক থাকার পর এই দিনে তিনি সংসদ ভবন এলাকার ভেতরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান।এরপর থেকে ১১ সেপ্টেম্বর বিএনপির নেতাকর্মীদের কাছে কেবল একটি তারিখ নয়; বরং দীর্ঘ অপেক্ষা, উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান এবং মুক্তির আনন্দ উদযাপনের এক আবেগঘন দিন হিসেবে স্মরণীয় হয়ে আছে।তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে বেগম খালেদা জিয়াকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে সংসদ ভবন এলাকার একটি ভবনে বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ওই ভবনটিকে বিশেষ কারাগারে পরিণত করা হয়।দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে সময় পেরিয়ে যায়। পুরোটা সময় দলের নেতা-কর্মী, সমর্থক ও আত্মীয়স্বজন উৎকণ্ঠার মধ্যে দিন কাটান। প্রতিদিন কারাগারের বাইরে অপেক্ষায় থাকেন তারা।অবশেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। দীর্ঘ ৩৭২ দিনের বন্দিদশার অবসান ঘটিয়ে বিশেষ কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া।তার মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই রাজপথে নেমে আসে মানুষের ঢল। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মী ও সমর্থকদের হাতে দেখা যায় ফুল। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু। দীর্ঘ অপেক্ষার পর নেত্রীর মুক্তিতে সর্বত্র ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।এরপর কেটে গেছে বহু বছর। তবে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের স্মৃতিতে ১১ সেপ্টেম্বর এখনো অমলিন। তাদের কাছে দিনটি বেগম খালেদা জিয়ার মুক্তি, দীর্ঘ অপেক্ষার অবসান এবং আবেগঘন এক রাজনৈতিক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নানা উত্থান-পতন, সংগ্রাম, দুর্ভোগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে নানা আলোচনা ও আবেগ জড়িয়ে রয়েছে।২০২৫ সালের ৩০ ডিসেম্বর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুর পর তাকে ঘিরে মানুষের ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটে, তা ছিল নজিরবিহীন।দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা শেষে তাকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

/বিএসএস