• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম


কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৭ পিএম

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার স্টেশনে প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেসের পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগি ত্রুটির কারণে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

বগিটি লাইনচ্যুত হওয়ার পর যশোর-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে এ রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম বলেন, ‘কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত কাজ শেষ হলে যেকোনো সময় ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’

/এএসএফ