ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়েররাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরা খাতুন ওই এলাকার আজম প্রামাণিকের স্ত্রী। ইভান তাঁদের একমাত্র সন্তান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশ দিয়েই রেললাইন চলে গেছে। দুর্ঘটনার আগে খেলতে গিয়ে শিশু ইভান রেললাইনে উঠে পড়ে। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ছেলেকে রক্ষা করতে দৌড়ে যান মনিরা।তিনি ইভানকে রেললাইন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ছেলেকে রেললাইন থেকে সরিয়ে দিতে সক্ষম হলেও নিজে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইভানও গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
/বিএসএস