পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বাংলাদেশে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তারা। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধিদলের আকস্মিক ঢাকা সফরে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।রোববার (২৩ আগস্ট) সিবিএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। সফরে তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করেন। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে ব্যস্ত সূচি রয়েছে ব্রাজিলের। এই সময়ে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে দলটি। ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশে ম্যাচ খেলার আগ্রহ রয়েছে ব্রাজিলের।তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সূচি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফার তত্ত্বাবধানে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচের পাশাপাশি স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হলে ৩ অক্টোবর রাতে অথবা ৪ অক্টোবর দেশে ফিরতে হতে পারে বাংলাদেশ দলকে। ফলে এর মাত্র দুই দিন পর ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়তে পারে।এর সঙ্গে রয়েছে ফিফা উইন্ডোতে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার নিয়ম। আসিয়ান কাপে বাংলাদেশ যদি চারটি ম্যাচ খেলে, তাহলে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ কারণে ম্যাচ আয়োজনের আগে সূচি নিয়ে বাফুফেকে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে।বাংলাদেশে ব্রাজিলকে আনতে অবশ্য বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। তবে সরাসরি ব্রাজিল থেকে দল আনার পরিবর্তে কলকাতা থেকে ঢাকায় নিয়ে এলে ব্যয় তুলনামূলক কম হতে পারে। সূত্রের খবর, প্রায় ৯০ সদস্যের ব্রাজিল দলকে কলকাতা থেকে ঢাকায় আনার পর ঢাকা থেকে দুবাই পর্যন্ত চার্টার্ড ফ্লাইটে পাঠানোর পরিকল্পনা থাকতে পারে।এদিকে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠ নিয়ে সম্প্রতি ব্রাজিলের অসন্তোষের খবরও প্রকাশ্যে এসেছে। এর মধ্যেই ঢাকায় সিবিএফের প্রতিনিধিদলের সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এতে ধারণা করা হচ্ছে, বাংলাদেশকে ঘিরে ব্রাজিলের আলাদা পরিকল্পনা রয়েছে।তবে সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে ব্রাজিলের ম্যাচটি মাঠে গড়াবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
/বিএসএস