গত তিন বছরেরও কম সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েল প্রায় ৩০ বছর ধরে মজুত করে রাখা সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করে ফেলেছে। এতে দেশটির সামরিক বাহিনীর সেনাসদস্য, সামরিক সরঞ্জাম ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর নিজস্ব সম্পদ ও রসদ দ্রুত কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এই যুদ্ধের কারণে সেনাসদস্যদের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা সামরিক বাহিনীর জন্য বেশ কঠিন হয়ে পড়তে পারে।
এতে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে সামরিক বাহিনীতে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এর প্রভাব পড়ছে সেনাসদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও। শারীরিক ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/এসএন