• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ এএম


দীর্ঘক্ষণ অপেক্ষার পর গুদাম ভেঙে সার নিলেন দুই শতাধিক কৃষক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ আগস্ট ২০২৬ ৬:১৪ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা জোট বেঁধে এক ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন। এ ঘটনায় ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার পর পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। তবে বাকি সার উদ্ধার করতে পারেনি পুলিশ।রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শিলখুড়ি ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ পেলেও কৃষকদের সার দিতে গড়িমসি করছিলেন। তার মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা।রোববার সকাল থেকেই সারের জন্য ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডিলার পয়েন্ট না খোলায় একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা গুদামের দরজা ভেঙে সার বের করে নিতে শুরু করেন। তারা প্রায় ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যান।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা বাকি সার রক্ষা করে।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। কিন্তু মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও ছিল আরও কম। ফলে সার না পাওয়ার শঙ্কা থেকেই কৃষকেরা গুদাম থেকে সার নিয়ে গেছেন।তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ১৯৭ বস্তা সার কৃষকেরা নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।

/বিএসএস