ফিলিস্তিনে উন্নয়ন সহায়তার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে দেশটিতে আধুনিক চিকিৎসা সুবিধা ও ট্রমা সেন্টারসহ ২০০ শয্যার একটি ‘ইন্ডিয়ান সুপার-স্পেশালিটি হসপিটাল’ নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারত ও ফিলিস্তিন।
বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এদিকে ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ বুধবার ২০২৮-২৯ মেয়াদের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ভারতের প্রার্থিতার প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল্লাহ আবু শাওয়েশ বলেন, ‘আমরা যখন সার্বিকভাবে জাতিসংঘের সংস্কার এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা বলতাম, তখন গ্লোবাল সাউথ বা দক্ষিণের দেশ হিসেবে আমাদের একটি অন্যতম দাবি ছিল যে কাউন্সিলের স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে অন্তত ভারতের অন্তর্ভুক্তি থাকা উচিত।’
এর আগে ফিলিস্তিন সফর করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। ওই সফরের অন্যতম প্রধান অর্জন ছিল ফিলিস্তিনি ন্যাশনাল প্রিন্টিং প্রেসে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর।
এই কেন্দ্রটি প্রিন্টিং খাতে প্রশিক্ষণ প্রদানে সহায়তা করবে।
/এসএন