ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হতে যাচ্ছে। তবে এর মেয়াদ বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বরং সমঝোতার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে দুই দেশই একে অপরকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে।
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা তুলতে’ বলেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প জানান, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সরাসরি একটি ব্যাকচ্যানেল যোগাযোগ স্থাপন করেছে। তবে চলমান সংঘাত দ্রুত শেষ করার জন্য তার ওপর কোনো ধরনের চাপ নেই বলেও দাবি করেন তিনি।
আইআরজিসির প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে।
চলমান সংঘাতের অবসানে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, তার কোনো সময়সূচি নেই এবং তিনি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই।
এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরাজিত হয়েছে। ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানো হলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
সমঝোতার মেয়াদ শেষ হওয়ার সময় যত ঘনিয়ে আসছে, দুই দেশের এমন কঠোর অবস্থান নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। ফলে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যায়, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।
/এএসএফ