• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ এএম


জরিমানা ২০ হাজার রিয়াল

ভিজিট ভিসায় হজ নিষিদ্ধ: সৌদির কঠোর নতুন বিধিনিষেধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ এপ্রিল ২০২৬ ১:২০ পিএম

হজ মৌসুমকে সামনে রেখে নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভিজিট ভিসা নিয়ে কোনোভাবেই হজ পালন করা যাবে না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় অনুমতি ছাড়া প্রবেশ বা অবস্থান করলে তা আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির কথাও জানানো হয়েছে। ভিজিট ভিসাধারীরা হজ পালনের চেষ্টা করলে বা মক্কায় প্রবেশ করতে চাইলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। অন্যদিকে, অনুমতি ছাড়া হজ পালন করলে প্রবাসীদের গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এরই মধ্যে ওমরাহ যাত্রীদের দেশত্যাগের সময়সীমাও শেষ হয়েছে। ১৮ এপ্রিল ছিল ওমরাহ ভিসাধারীদের দেশ ছাড়ার শেষ দিন। এরপর অবস্থান করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্ট কোম্পানি বা সেবাদাতা প্রতিষ্ঠান সময়মতো তথ্য না দিলে তাদের সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা ও আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

এদিকে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যুও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশের নাগরিক—সবার জন্যই এই সিদ্ধান্ত কার্যকর থাকবে জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত। ফলে এই সময়ে মক্কায় প্রবেশ কার্যত শুধুমাত্র অনুমোদিত হজযাত্রীদের জন্য সীমিত থাকবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হজকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘পারমিট ছাড়া হজ নয়’ স্লোগানে অভিযান জোরদার করা হচ্ছে।

এ ছাড়া, মক্কায় ভুয়া প্রবেশ অনুমতি বিক্রির অভিযোগে এক সুদানি প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারণার মাধ্যমে অনুমতি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ও সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত নিয়ম না মেনে হজ পালন করা স্পষ্ট আইন লঙ্ঘন এবং নিয়ম মেনে চলাই হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।