পাকিস্তান ৩ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার নতুন কামিকাজি ড্রোন ‘D-248’ উন্মোচন করেছে। সামরিক বিশেষজ্ঞদের দাবি, ড্রোনটির কার্যকর পাল্লা ২ হাজার ২০০ থেকে ৩ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ফলে প্রচলিত স্বল্পপাল্লার সাধারণ কামিকাজি ড্রোনের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী ও দূরপাল্লার সমরাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানি প্রতিরক্ষা সূত্রগুলো ড্রোনটিকে দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও দীর্ঘপাল্লার ‘লোইটারিং মিউনিশন’ বা আত্মঘাতী ড্রোন হিসেবে বর্ণনা করেছে।
D-248 সর্বোচ্চ ১৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে আকাশে অবস্থান করতে পারে এবং প্রায় ৪ হাজার ৫০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। দীর্ঘ সময় আকাশে অবস্থানের সক্ষমতার কারণে ড্রোনটি প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এবং উপযুক্ত সময়ে হামলা চালানোর জন্য তুলনামূলকভাবে বেশি সময় পাবে।
কারিগরি বৈশিষ্ট্যের দিক থেকে D-248 ড্রোনটির সর্বোচ্চ টেক-অফ ওজন ২৪০ কেজি। উড্ডয়নের পর এর মূল কাঠামোর ভেতরে প্রায় ৩০ থেকে ৫০ কেজি ওজনের বিস্ফোরক বহন করার সক্ষমতা রয়েছে।
শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার জন্য ড্রোনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার এবং সাধারণ ক্রুজিং গতি ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
/এএসএফ