বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৪ সালের ৫ আগস্ট গণরোষের মুখে দেশত্যাগ করে নয়াদিল্লিতে অবস্থানরত এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়ায় ভারতের কূটনৈতিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।শুক্রবার (৭ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।তিনি বলেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক আহ্বান উপেক্ষা করে ভারত সরকারের তাকে আশ্রয় দিয়ে যাওয়া আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের আচরণের জন্য ভারত সরকারের প্রতি দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত সাড়ে ১৬ বছরে বাংলাদেশে জুলুম-নির্যাতন, হত্যা, গুমসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সহিংসতায় প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, এসব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও তা কার্যকর হয়নি। তার অভিযোগ, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করছে। একই সঙ্গে বাংলাদেশ-ভারতের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তিও উপেক্ষা করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এ অবস্থান পরিবর্তন করে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হলেও বর্তমান সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ফলে তিনি বিদেশে অবস্থান করে বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।তিনি সরকারের প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি এবং জাতিসংঘের সহযোগিতা নেওয়ারও দাবি জানান। তিনি বলেন, সরকার যদি এ বিষয়ে কূটনৈতিক শৈথিল্য প্রদর্শন করে, তাহলে জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে।বিবৃতিতে গোলাম পরওয়ার আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা, পুরোনো ফ্যাসিবাদের পুনরুত্থান কিংবা গোপন তৎপরতার সুযোগ দেওয়া হবে না।দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তিনি জনগণকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি পুরোনো ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
/বিএসএস