ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছিটমহলবেষ্টিত দহগ্রাম ও অঙ্গারপোতার একমাত্র সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে পার্শ্ববর্তী জেলা এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এলাকাটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জানা গেছে, উপজেলার দহগ্রাম-পাটগ্রাম প্রধান সড়কের ছিঁটিয়ার পার ও ওলের পার অংশের মধ্যবর্তী স্থানে অতিবৃষ্টির কারণে সড়কের একটি বড় অংশ ধসে গিয়ে বিশাল খাদ সৃষ্টি হয়েছে। এর ফলে দহগ্রাম ও অঙ্গারপোতা এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। বর্তমানে ওই পথে কোনো যানবাহন চলাচল করতে পারছে না, এমনকি সাধারণ মানুষের পক্ষে হেঁটে চলাচল করাও সম্ভব হচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এই সড়কটিই এলাকার শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ার একমাত্র পথ। সড়কটি ধসে যাওয়ায় জরুরি রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা কৃষকদের উৎপাদিত ফসল পাটগ্রাম বাজারে পৌঁছে দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে পুরো এলাকায় একটি জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় ভাঙনকবলিত স্থানে দ্রুত সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং পাটগ্রাম উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাদের দাবি, স্থায়ী সংস্কারের পাশাপাশি জরুরি ভিত্তিতে বাঁশের সাঁকো বা বিকল্প অস্থায়ী চলাচলের ব্যবস্থা করা হোক, যাতে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমে।
স্থানীয় সচেতন মহল আশঙ্কা প্রকাশ করে বলেছে, উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দহগ্রাম ও অঙ্গারপোতা ইউনিয়নের সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
/এসএন