• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম


‘সাত মাস ধরে বাবার কোনো খোঁজ নেই’—সিএনএনকে ইমরান খানের দুই ছেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৮:৫২ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে কাসিম খান ও সুলেমান ইসা খান। তাদের অভিযোগ, গত সাত মাস ধরে পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে ইমরান খানের সাক্ষাতের সুযোগ দিচ্ছে না পাকিস্তান কর্তৃপক্ষ।

ইমরান খানের গ্রেপ্তারের তৃতীয় বার্ষিকী উপলক্ষে লন্ডন থেকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা এসব অভিযোগ করেন।

কাসিম ও সুলেমান বলেন, “আমাদের কাছে বাবার কোনো আপডেট নেই। কারণ তার পরিবারের সদস্য, চিকিৎসক এবং আইনজীবীদের গত সাত মাস ধরে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।”

এদিকে বুধবার (৫ আগস্ট) পাকিস্তানের বিভিন্ন স্থানে হাজারো পিটিআই সমর্থক বিক্ষোভ ও সমাবেশ করে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবি জানান।

ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালে দুর্নীতি ও রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান।

তবে ইমরান খান ও তার দল পিটিআই শুরু থেকেই দাবি করে আসছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা করেছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান সরকারবিরোধী একাধিক সমাবেশ করেন। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় তার সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। যদিও সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

পরবর্তীতে দেশটির সরকার পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। একই সঙ্গে দলটিকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণেও বাধার মুখে পড়তে হয়।

সাক্ষাৎকারে কাসিম ও সুলেমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, “আমরা শুধু ছেলে হিসেবে নয়, ৩৫ কোটি মানুষের পক্ষ থেকেও বলছি, যারা তাকে সমর্থন করেন এবং আবার দেশের নেতৃত্বে দেখতে চান। অথচ কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাকে কারাগারে রাখা হয়েছে।”

/এএসএফ