সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘July Uprising Run 2026’ শীর্ষক মিনি ম্যারাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ফ্যাসিবাদবিরোধী লড়াইকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করতে সবাই ব্যর্থ হয়েছেন। তাদের প্রত্যাশা ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো—বিচার বিভাগ, প্রশাসন এবং প্রতিরক্ষা বাহিনী—স্বাধীনভাবে কাজ করবে এবং দুর্নীতির অবসান ঘটবে। কিন্তু জুলাইয়ের পর বাস্তবে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, কাঙ্ক্ষিত কোনো সংস্কার বা পরিবর্তন দেখা যায়নি।
তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার নিজেদের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে মানুষের ত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে। অন্যথায় দেশের তরুণ সমাজ আবারও আন্দোলনে নামবে।
মিনি ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ এবং চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
/এসএন