• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৪১ এএম


ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ ঝাড়লেন জেলেনাস্কি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ১১:১৮ এএম

রাশিয়া ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত এই হামলায় শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় রাশিয়া ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২৮০টি ড্রোন ব্যবহার করে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী কিয়েভ এবং পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় লভিভ শহর ছিল হামলার প্রধান লক্ষ্যবস্তু।

এই হামলায় ব্যাপক প্রাণহানির জন্য মিত্র দেশগুলোর কাছ থেকে সময়মতো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ না পাওয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো পাওয়া গেলে হতাহতের সংখ্যা কমানো সম্ভব হতো।

জেলেনস্কি আরও দাবি করেন, দীর্ঘ সময় পর এবারই প্রথম উল্লেখযোগ্য সংখ্যায় উত্তর কোরিয়ায় তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। হামলায় দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি গ্রামে ছয়জন নিহত হয়েছেন বলেও তিনি জানান।

এদিকে হামলার পর ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড নিজেদের আকাশসীমার নিরাপত্তা জোরদারে যুদ্ধবিমান মোতায়েন করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি মাঠে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং একটি বড় গর্তের সন্ধান পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় জনগণের জীবন রক্ষা করাই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

সূত্র: রয়টার্স

/এএসএফ