• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম


হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার করা হলো ১৪৪ ধারা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:০৭ এএম

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়ে তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এতে আরও বলা হয়, জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল।

এর আগে মঙ্গলবারের সংঘর্ষের পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১০টার পর জেলা প্রশাসক পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিন প্লাটুন।

বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসএন