• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম


হরমুজের নিয়ন্ত্রণ ছাড়ার প্রশ্নই উঠে না–ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৮:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়নি ইরান, হরমুজ ছাড়ার প্রশ্নই নেই

গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার উদ্যোগ নেয়নি ইরান এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ারও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ তথ্য জানিয়েছে সিএনএন।

গারিবাবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান আলোচনার জন্য মরিয়া। তবে তিনি সেই দাবি নাকচ করে বলেন, “গত ১৬ থেকে ১৭ দিনে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ পাঠাইনি।”

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার একটি প্রধান ইস্যু। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশেরও বেশি এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্রের অবস্থান হলো, এ জলপথে আন্তর্জাতিক নৌ চলাচল অবাধ রাখতে হবে।

তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না। প্রণালিটি যদি আগের অবস্থায় ফিরে যায়, তাহলে এই যুদ্ধে আমাদের সাফল্য পূর্ণাঙ্গ হবে না।”

তিনি আরও দাবি করেন, গত মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী সমুদ্রপথে মাইন অপসারণের দায়িত্ব ইরানের ওপর রয়েছে। এ কারণেই মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালির কাছে আসতে দেওয়া হয়নি।

গারিবাবাদি জানান, ওমানের দক্ষিণাঞ্চলে মাইন অপসারণের কাজে অন্য একটি দেশকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও ইরান তাতে সম্মতি দেয়নি।

এ ছাড়া তিনি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে যাতায়াত ফি আদায়ের অধিকারও ইরান সংরক্ষণ করে। তার দাবি, বিদ্যমান সমঝোতা অনুযায়ী ইরান কেবল ৬০ দিনের জন্য বিনা খরচে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাধ্য।

সূত্র: সিএনএন

/এএসএফ