‘মোদী ইনফ্লুয়েন্সার হিসেবে ভালো করছেন, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া উচিত’
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ইনফ্লুয়েন্সার হিসেবে ভালো কাজ করছেন। তাই তার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা বিবেচনা করা উচিত।
মোদীর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত বিভিন্ন ভিডিওর সমালোচনা করে অভিজিৎ দীপকে বলেন, “আমি মনে করি, তার ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। তিনি এতে বেশ ভালোই করছেন।”
তিনি আরও বলেন, “যদি তিনি এত ভালো ইনফ্লুয়েন্সারই হন, তাহলে তার প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে এ দায়িত্ব পালন করতে দেওয়া উচিত।”
এর আগে মঙ্গলবার কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “নতুন নতুন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলেই আপনি জেন-জিদের ভোট পাবেন না। প্রধানমন্ত্রীকে তার হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে।”
বুধবার প্রশ্নফাঁস নিরোধী আইন নিয়েও মত দেন অভিজিৎ দীপকে। তিনি বলেন, “এ ধরনের আইন হতে থাকবে। কিন্তু যাদের লক্ষ্য সঠিক নয়, তাদের ক্ষেত্রে শুধু আইন করে পরিবর্তন আনা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, দেশে ইতোমধ্যে অনেক ভালো আইন প্রণয়ন করা হয়েছে। তবে একের পর এক নতুন আইন তৈরির পাশাপাশি সেগুলোর কার্যকর বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
/এএসএফ