• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম


নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৬:১১ এএম

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সুন্দরপুর-৪ গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক মূল্যায়নে এ কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার বিকেলে বাপেক্সের উপ-মহাব্যবস্থাপক (ড্রিলিং) ও কূপটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান এ তথ্য জানান।

বাপেক্স সূত্রে জানা যায়, জমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পর গত এপ্রিলের শেষ দিকে কূপ এলাকায় ড্রিলিং রিগ স্থাপন করা হয়। এরপর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়েছে।

জাকির হোসেন খান জানান, কূপটির নির্ধারিত গভীরতা ১ হাজার ৬০০ মিটার। এর মধ্যে প্রায় ১ হাজার ৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাসস্তর থাকার ধারণা করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে খননকাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) সম্পন্ন করতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। সব মিলিয়ে প্রায় আড়াই মাসের মধ্যে কূপটির চূড়ান্ত ফলাফল জানা যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে কূপটির মোট গ্যাস মজুত নির্ধারণ করা সম্ভব না হলেও আশপাশের কূপগুলোর তথ্য বিশ্লেষণ করে বাপেক্স আশা করছে, এখান থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেতে পারে। কূপটি সফল হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়বে।

এর আগে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় সুন্দরপুর গ্যাস ফিল্ডের ১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। তবে এটি একই ভূগর্ভস্থ গ্যাসক্ষেত্রের অংশ হওয়ায় বাপেক্সের নামকরণ নীতিমালা অনুযায়ী এর নাম রাখা হয়েছে সুন্দরপুর-৪।

/এএসএফ