প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টানা ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “১৭ বছরের নিরন্তর রক্তঝরানো সংগ্রামের মধ্য দিয়ে বিপুল শক্তি নিয়ে ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুলাই মাসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের পরিবেশ তৈরি করেছিল, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অসংখ্য ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে একটি ভয়ংকর ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাক্-স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিরাপদে চলাচলের নিশ্চয়তা। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খালেদা জিয়া ও পরে তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন চলেছে বলেও উল্লেখ করেন তিনি।
রিজভীর ভাষ্য, সেই ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষাপটেই ছাত্র-জনতা, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণজাগরণের সৃষ্টি হয়, যার পরিণতি ঘটে জুলাই গণঅভ্যুত্থানে।
তিনি বলেন, “জুলাই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। ওই দিন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের অবসান ঘটে। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়কে একটি ধারাবাহিক সংগ্রাম ও রক্তঝরানো গণঅভ্যুত্থানের সময়কাল হিসেবে ঘোষণার বিষয়েও আমরা জানতে পেরেছি।”
রিজভী জানান, গত বছর বিএনপি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবারও দল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।
তিনি আরও জানান, কর্মসূচিগুলো আরও সুসংগঠিতভাবে পালনের লক্ষ্যে আগামী ৪ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
/এএসএফ