হবিগঞ্জে জারি হওয়া ১৪৪ ধারার প্রেক্ষাপটে হবিগঞ্জমুখী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-কন্যা ভাস্কর্যের সামনে আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া এনসিপির গাড়িবহর শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা নেতাকর্মীদের হবিগঞ্জের দিকে অগ্রসর না হওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তারা।
পুলিশ জানায়, হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ কারণে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
পুলিশি বাধার পর এনসিপির নেতাকর্মীরা কিছু সময় চা-কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ ওই এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। চা-কন্যা ভাস্কর্যসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে টহলও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। একই সঙ্গে জেলায় তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
/এএসএফ