• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম


জুলাই গণ-অভ্যুত্থান পুরো জাতির অর্জন: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৬:২২ পিএম

জুলাই গণ-অভ্যুত্থান পুরো জাতির অর্জন: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি সমগ্র জাতির অর্জন। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে কোনো ধরনের ‘অপরাজনীতির’ সুযোগ নেই।

বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করা হয়।

সেতুমন্ত্রী বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। জনগণ ভোটের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব।”

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতিকে আত্মসমালোচনা ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি স্বৈরাচারী সরকারের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সে অভিজ্ঞতাও দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা রয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়।

তিনি বলেন, “দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।”

ঢাকা কলেজের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আলোচনাসভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেনসহ বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

/এএসএফ