• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ এএম


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতার দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৩:০৮ পিএম

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচি বুধবার (২৯ জুলাই) রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত হয়।বেলা সাড়ে ১১টায় মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে পল্টনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল এবং আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার না করলে ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না।সমাবেশে অংশগ্রহণকারীরা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার গ্রেফতার ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, তার বিরুদ্ধে জনপরিসরে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন।সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ দেখিয়ে দায়মুক্তির দাবি করা হলেও রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো কর্মকাণ্ড ওই সাংবিধানিক সুরক্ষার আওতায় পড়ে না। তার ভাষ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলা এবং গ্রেফতারের সুযোগ রয়েছে।তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপতি হওয়ার আগেই মো. সাহাবুদ্দিন ফৌজদারি অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাই এসব অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

/বিএসএস