রাজধানীর মানিকদি আমতলা এলাকায় মশার কয়েল কিনতে বের হয়ে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন মো. করিম (১৮) নামে এক কলেজছাত্র। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। করিমের বাড়ি মানিকদি আমতলা এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।
আহত করিমের বাবা রফিকুল ইসলাম জানান, রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। কয়েল কেনার পর করিম তার বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল।
তিনি বলেন, আমতলার ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে দিয়ে ফেরার সময় অন্ধকার থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি লাগে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রফিকুল ইসলাম জানান, রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে করিমের ডান পা থেকে একটি গুলি বের করেন। তবে বাম পায়ে লাগা গুলিটি ঘটনার সময়ই বের হয়ে যায়।
তিনি আরও বলেন, চিকিৎসা শেষে রাতেই চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। কারা এই গুলির ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। এছাড়া করিমের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধও ছিল না বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
/এসএন