• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম


ভারত সীমান্তের কাছে ১১টি জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ১১:৫৭ পিএম

ভারতের সীমান্তসংলগ্ন দুটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, চলতি বছরের জুনের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে ভারতের দিকে মুখ করে থাকা চীনের দুটি বিমানঘাঁটিতে মোট ১১টি জে-২০ যুদ্ধবিমান অবস্থান করছিল।

৯ জুলাই তোলা একটি স্যাটেলাইট ছবিতে জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান বিমানঘাঁটিতে রানওয়ের পাশে সাতটি জে-২০ যুদ্ধবিমান দেখা যায়। দ্বৈত ব্যবহারযোগ্য এই ঘাঁটিটি লাদাখের লেহ শহর থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভারতীয় বিমানবাহিনীর দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে প্রায় ২৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এ ছাড়া তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের ডামশুং বিমানঘাঁটির আরেকটি স্যাটেলাইট ছবিতে চারটি জে-২০ যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। ঘাঁটিটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে কোনো চীনা বিমানঘাঁটিতে একসঙ্গে এত বেশি জে-২০ যুদ্ধবিমান আগে দেখা যায়নি।

ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণাপ্রতিষ্ঠান নিউস্পেসের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধবিমানচালক সমীর যোশির ভাষ্য অনুযায়ী, হোতানে সাতটি এবং ডামশুংয়ে চারটি জে-২০ মোতায়েন থাকার অর্থ হলো, ভারতের দিকে মুখ করে থাকা উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনা এখন পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএলএএফ) নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে; এটি আর শুধু শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই।

সূত্র: এনডিটিভি

/এএসএফ