আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে ‘কালচারাল ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ করে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ জমা দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ দাখিল করে।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে অভিযোগ দাখিল করা হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বহু মানুষের মৃত্যু হলেও রাষ্ট্রের তিন বাহিনীর প্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন যুদ্ধ ঘোষণা করতে পারতেন, কিন্তু সে সময় তিনি কোনো ভূমিকা পালন করেননি। এছাড়া ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম ও হত্যার মতো ঘটনার বিরুদ্ধেও তিনি কোনো প্রতিবাদ জানাননি। এসব অপরাধের ক্ষেত্রে তার মৌন সম্মতি ছিল বলেই অভিযোগ দায়ের করা হয়েছে।
একই দিন ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম, খুনসহ দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন।
এদিকে রাষ্ট্রসংলাপ ফোরাম জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগ এনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দাখিল করেছে। রোববার ট্রাইব্যুনালে এই অভিযোগ জমা দেওয়া হয়।
/এসএন