• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম


প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৮:০০ এএম

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও প্রতিবাদ চলার মধ্যেই পরীক্ষা-সংক্রান্ত জালিয়াতি দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, পরীক্ষা-সংক্রান্ত সব ধরনের জালিয়াতি এবং এ ধরনের চক্রের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে।

এক্সে পোস্ট দেওয়ার পাশাপাশি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পর গত আড়াই মাসে সরকার এ বিষয়ে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে এই অপরাধের সঙ্গে জড়িত বহু ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে মোদি বলেন, সরকারের প্রধান লক্ষ্য ছিল যাতে পরীক্ষার্থীদের একটি মূল্যবান বছর নষ্ট না হয়। প্রায় ২২ লাখ শিক্ষার্থী যেন দ্রুততম সময়ের মধ্যে পুনর্নিরীক্ষা বা পরীক্ষার সুযোগ পায়, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যের খবর আসছে।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, শুধু ফলাফল প্রকাশের মধ্যেই সরকারের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। দ্রুত বিচার নিশ্চিত করতে তিনি ফাস্ট ট্র্যাক কোর্ট (স্বল্পমেয়াদী বিশেষ আদালত) গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং সেই ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। সহকর্মীদের মতামতের ভিত্তিতে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া পার্লামেন্টের দ্বিতীয় সপ্তাহের অধিবেশনে এ-সংক্রান্ত কঠোর আইনি বিল দ্রুত পাস করানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

/এসএন