ভারতে পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে মুম্বাইয়ে এক সাহসী ঘটনার জন্ম দিয়েছেন রিয়া আহির নামে ২৭ বছর বয়সী এক তরুণী মডেল। আটক শিক্ষার্থীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে তাদের মুক্তির দাবি জানান তিনি।
বুধবার (২২ জুলাই) মুম্বাইয়ের দাদার এলাকায় পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় রিয়া আহির গাড়িটির পথ আটকে দেন। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে গ্রেফতারি পরোয়ানা বা ‘অ্যারেস্ট মেমো’ দেখতে চান। দাবি অনুযায়ী, পুলিশ তা দেখাতে না পারায় তিনি ভ্যানটির সামনে অবস্থান অব্যাহত রাখেন।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার এই অবস্থানের পর শেষ পর্যন্ত পুলিশ আটক শিক্ষার্থীদের ছেড়ে দেয়।
ঘটনার পর রিয়া আহির বলেন, পুলিশ অন্যায়ভাবে কাজ করছে বলে মনে হওয়ায় একজন সচেতন নাগরিক হিসেবে তিনি প্রতিবাদ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর রিয়ার ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সঙ্গে তিনি সরকারের দমন-পীড়নের সমালোচনা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।
সূত্র: এনডিটিভি
/এএসএফ