খুলনার পাইকগাছা উপজেলায় পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্নার সময় অস্বাভাবিকভাবে সবুজ রং ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রান্না করা মাংস নিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
বুধবার (২২ জুলাই) দুপুরে পাইকগাছা পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা এ ঘটনার সম্মুখীন হন। তাদের ভাষ্য, পিকনিকের আয়োজন উপলক্ষে সকালে স্থানীয় একটি দোকান থেকে চার কেজি গরুর মাংস কেনা হয়। এরপর রান্না শুরু করলে একপর্যায়ে মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তিত হয়ে সবুজ হয়ে যায়।
জানা গেছে, মডার্ন বেকারির ২৫ জন কর্মচারীর পিকনিকের জন্য স্থানীয় মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকান থেকে চার কেজি গরুর মাংস কেনা হয়েছিল। বিক্রেতা ইসমাইল জানান, ওই দিন জবাই করা গরুর মাংস শেষ হয়ে যাওয়ায় তিনি ফ্রিজে সংরক্ষিত মাংস থেকেই চার কেজি সরবরাহ করেছিলেন।
ঘটনার পর বেকারির কর্মচারীরা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় এবং পাইকগাছা থানায় যান। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অন্যদিকে মাংস বিক্রেতা ইসমাইল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভালো মানের মাংসই বিক্রি করেছেন। তার দাবি, একই মাংস আরও অনেক ক্রেতা কিনেছেন এবং তাদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, রান্নার সময় কোনো ধরনের রাসায়নিক বা অন্য কোনো উপাদান ব্যবহারের কারণেও এমন ঘটনা ঘটতে পারে।
তবে রান্না করা মাংসের রং পরিবর্তনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি কী কারণে ঘটেছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন
/এসএন